‘অদম্য বাংলাদেশে’র ৪ সদস্যকে অব্যাহতি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৪:০২
 
শিশু পাচার মামলায় ‘অদম্য বাংলাদেশ’র একটি বেসরকারি সংগঠনের  ৪ সদস্যকে মামলায় দায় থেকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহম্মেদ এই আদেশ দেন।
 
তারা হলেন-আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম খান।
 
এর আগে এই মামলায় এই চারজন সদস্যকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে গত ১৯ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে রামপুর থানার পুলিশ।
 
গত বছরের ১২ সেপ্টেম্বর রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ১০ শিশুকে উদ্ধার করে পুলিশ। ঐ সময় ‘অদম্য বাংলাদেশ’র চার সদস্যকে আটক করা হয়।
 
মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই (উপপরিদর্শক) মোজাম্মেল হকের দেয় প্রতিবেদনে বলা হয়, অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারি দাতব্য প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে তারা অভিভাবকহীন, যত্নহীন শিশুদের এখানে নিয়ে আসেন। শিশুরা তাদের মর্জির ভিত্তিতেই এখানে থাকেন। অনেক দানশীল প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অনেক কষ্ট করে অনুদান সংগ্রহ করে তারা প্রতিষ্ঠানটি চালায়। গত ১ বছরে পাচারের জন্য শিশুদের অন্যত্র সরানো হয়েছিল এমন কোনো তথ্য তদন্তে পাওয়া যায়নি।