কেপিএমে শ্রমিক বিক্ষোভ, উৎপাদন বন্ধের শঙ্কা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৫:০৮
কোনো ধরনের আলোচনা ছাড়াই বদলির আদেশের ঘটনায় টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দেশের সর্ববৃহৎ কাগজকল কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) শ্রমিক-কর্মচারীরা। এখনো পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
 
গণবদলির কারণে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ায় উৎপাদন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে।
 
শ্রম আইন, ২০০৬-এর ১৮৭ ধারা অনুযায়ী ‘কোনো ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদককে সম্মতি ব্যতিরেকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা যাবে না।’
 
অথচ এই আইনের তোয়াক্কা না করে কোনো পূর্বঘোষণা ছাড়াই ৬ জানুয়ারি প্রতিষ্ঠানটির ৩০২ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন টিএসপি, সিআইএফএল, ডিএপি ও ইউজিএস সার কারখানায় বদলি করা হয়। এতে আন্দোলন শুরু করেন কেপিএমে শ্রমিক-কর্মচারীরা।
 
এ ব্যাপারে শ্রমিক নেতারা জানান, দাবি মানা না হলে কঠোর কর্মসূচির পাশাপাশি আইনি লড়াইয়ে যাবেন তারা।
 
কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, গণবদলির বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বিসিআইসি চেয়ারম্যানের সোমবার বৈঠক হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
 
জানা গেছে, কেপিএমের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ হাজার টন হলেও এখন ১০ হাজার টনের বেশি উৎপাদন হচ্ছে না। এর মধ্যে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে যাওয়ায় উৎপাদনই বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।