ব্রিটিশদের চেয়েও খারাপ ছিলো ইন্দিরা গান্ধীর শাসন!

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৬:৪৯
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনামল ব্রিটিশদের চেয়েও খারাপ ছিল- দেশটির বিহার রাজ্যের একটি সরকারি ওয়েবসাইটে এমনটিই বলা হয়েছে। এতে বিহারের রাজ্য সরকারে শরিক কংগ্রেস ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
 
ওই ওয়েবসাইটে বিহারের ইতিহাস অংশে লেখা হয়েছে, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা চলার সময় ‘স্বৈরাচারী শাসন’ এবং ‘দমন-পীড়ন’ চালিয়ে ভুল করেছেন। এতে আধুনিক ভারতের বিকাশে জয়প্রকাশ নারায়ণের (জেপি) ভূমিকা তুলে ধরে বলা হয়, ‘তিনি সেই ব্যক্তি যিনি নৈতিকতার সাথে দৃঢ়ভাবে ইন্দিরা গান্ধী ও তার কনিষ্ঠ সন্তান সঞ্জয় গান্ধীর স্বৈরাচারী শাসনের বিরোধিতা করেছিলেন।’ 
 
ওয়েবসাইটটিতে আরও বলা হয়েছে, ‘জয়প্রকাশ নারায়ণের বিরোধিতার প্রতি জনগণের সাড়ায় ভীত হয়ে ১৯৭৫ সালের ২৬ জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রাক্কালে ইন্দিরা গান্ধী তাকে গ্রেপ্তার করেন। তাকে দিল্লির কাছে তিহার কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, যেখানে কুখ্যাত অপরাধীদের বন্দি করে রাখা হয়। এভাবে মুক্ত ভারতে বর্ষীয়ান এই নেতাকে (জেপি), যিনি ভারতের স্বাধীনতার জন্য ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরুর পাশাপাশি থেকে লড়াই করেছেন, তাকে এমন একটি পরিস্থিতির শিকার হতে হয় যা নিপীড়নের বিরুদ্ধে কথা বলার জন্য ১৯১৭ সালে চাম্পারানে গান্ধীজিকে ব্রিটিশরা যে শাস্তি দিয়েছিল তার চেয়েও খারাপ ছিল।’ ওয়েবসাইটটিতে এভাবেই বিষয়টির উল্লেখ করা হয়েছে।
 
এতে ক্ষুব্ধ হয়ে বিহার রাজ্য কংগ্রেসের নেতা চন্দন যাদব বলেছেন, এই ভাষ্যটি ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ এবং তার দল ইস্যুটি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে তুলে ধরবে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হবে বলে জানিয়েছেন রাজ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।