সিদ্ধার্থকে 'ডাবল এজেন্ট' বানাতে চেয়েছিল ব্রিটিশ গোয়েন্দারা!

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৭:২৩
 
ইসলামিক স্টেটের (আইএস) ভারতীয় বংশোদ্ভূত সন্দেহভাজন সন্ত্রাসী সিদ্ধার্থ ধরকে দলে ভেড়াতে চেয়েছিলেন যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ। আইএসে যোগ দিয়ে গোপনে গোয়েন্দাদের হয়ে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছিল তাকে। তবে এমআই-ফাইভের ‘ডাবল এজেন্ট’ হওয়ার আগেই সিদ্ধার্থ সিরিয়ায় পালিয়ে যান। সোমবার সানডে টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
 
সম্প্রতি আইএসের একটি ভিডিওতে মুখোশ পরা এক সন্ত্রাসীকে ব্রিটেনে হামলা চালানোর হুমকি দিতে দেখা যায়। ব্রিটিশ উচ্চারণে ইংরেজিতে কথা বলা এই সন্ত্রাসীকে ‘নতুন জিহাদি জন’ বলা হচ্ছে। ভারতের গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে ওই ব্যক্তিটি 'সিদ্ধার্থ ধর' হতে পারেন।
 
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী তৎপরতার জন্য গ্রেপ্তার হওয়ার আগে সিদ্ধার্থ দু’বার ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রতিবেদনে এক নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়, ধর্মান্তরিত হওয়ার পর আবু রুমায়সাহ নাম ধারণ করা সিদ্ধার্থ ধরকে এমআইফাইভ অনুসরণ করেছিল এবং একপর্যায়ে রাস্তায় তাকে থামিয়েছিল। ৩২ বছর বয়সী সিদ্ধার্থকে এমআইফাইভ সতর্ক করে জানিয়েছিল, তিনি গোয়েন্দা সংস্থাটির ‘রাডারের’ আওতায় রয়েছেন এবং তার তত্পরতায় নজরদারি করা হচ্ছে।
 
এরপর এমআইফাইভ দ্বিতীয়বারের মতো সিদ্ধার্থের সঙ্গে যোগাযোগ করে তাকে গোয়েন্দা সংস্থাটির হয়ে কাজ করার প্রস্তাব দেয়। তবে তার সাড়া কী ছিল তা জানা যায়নি বলে দাবি করেছে সানডে টাইমস। সন্দেহভাজন সন্ত্রাসীদের বিষয়ে গোয়েন্দা সংস্থাটির জন্য তথ্য সংগ্রহ করার মাধ্যমে ‘ডাবল এজেন্ট’ হতে রাজি না হলে সিদ্ধার্থকে বাকি জীবন জেলে কাটাতে হবে অথবা মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিল এমআইফাইভ- এমন অভিযোগও পাওয়া গেছে।  সূত্র: এনডিটিভি