সাভারে চলাচলকারী লেগুনায় চাঁদাবাজি এবং চাহিদা মাফিক চাঁদা না দেওয়ায় পরিবহন শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মো. কবির (৩০) নামে এক কথিত শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আপেল মাহমুদ নামের এক পরিবহন ব্যবসায়ী মঙ্গলবার রাতে কবির এবং তার তিন সহযোগীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কবিরকে গ্রেফতার করে।
আরো পড়ুন: ‘স্যার আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে’
মামলার এজাহার সূত্রে জানা যায়, কবির ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে বিরুলিয়া রোডে চলাচলকারী লেগুনা থেকে শ্রমিকলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। গত বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ড এলাকায় কবির ও তার সহযোগী ফজা, জহির, হায়দারসহ অজ্ঞাত ৭/৮ জন লেগুনা চালকদের কাছে অতিরিক্ত আরো এক হাজার টাকা চাঁদা দাবি করলে শ্রমিকরা তা দিতে অস্বীকার করে। এসময় কবিরের নেতৃত্বে সন্ত্রাসীরা লেগুনা চালক হৃদয় ও লাইনম্যান গিয়াসউদ্দিনসহ কয়েকজনকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচ
