১/১১’র কুশীলবদের পুরস্কৃত করেছে আওয়ামী লীগ : হান্নান শাহ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৮:২৫
এক-এগারোর কুশীলবদের আওয়ামী লীগ সরকার বিচার না করে পুরস্কৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
 
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, যারা এক-এগারো সংঘটিত করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, জনগণের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তাদের বিচার করতে হবে।
 
হান্নান শাহ বলেন, এক-এগারোর ষড়যন্ত্র ছিল, যাতে এদেশে সুষ্ঠু নির্বাচন না হয়। মিথ্যা অভিযোগ এনে রাজনীতিবিদদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে, অনেকটা সফলও তারা। ফখরুদ্দীন সরকার গঠনের পর আওয়ামী লীগের যে ক’জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তা লোকদেখানো ছিল।
 
অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, এক-এগারোর সঙ্গে জড়িতদের আজকে হোক, কালকে হোক- তাদের বিচার করতে হবে।