ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে। মামলায় গ্রেপ্তার সব আসামি আদালতে উপস্থিত না থাকায় সোমবার দুপুরে ফেনী জেলা দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ অভিযোগ গঠনের তারিখ পেছান।
আদালতের পিপি হাফেজ আহম্মদ বলেন, সোমবার অভিযোগ গঠনের নির্ধারিত দিনে গ্রেপ্তার ৪৩ আসামির মধ্যে ৩১ জনকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিরা আদালতে উপস্থিত না থাকায় বিচারক অভিযোগ গঠন করেননি। আগামী ১০ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন রাখা হয়েছে।
এদিকে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হককে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের ৩০/৩৫ জনকে আসামি করে মামলা করেন। একই বছরের ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
