স্থানীয়দের চোখে 'রবিন হুড' এল চ্যাপো

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ২০:৪০
 
মাদক সম্রাট এল চ্যাপো গুজম্যানকে গ্রেফতার করার পর যখন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঠিক তখনই তার জন্মস্থানে চাপা ভয় ও শোকের ছায়া নেমে এসেছে।
 
গুজম্যান পৃথিবীর 'মোস্ট ওয়ান্টেড' মাদক চোরাচালানকারীর তকমা পাওয়ার পরও তার এলাকার লোকজন তাকে এই যুগের 'রবিন হুড' মনে করেন। গরিবদের জন্য কাজের সুযোগ ও বিরোধী গ্যাংদের হাত থেকে স্থানীয়দের রক্ষা করায় সেখানে অত্যন্ত শ্রদ্ধার পাত্র তিনি।
 
মেক্সিকোর উত্তর পশ্চিমের রাজ্য সিনালওয়ার পার্বত্য এলাকায় বহু দশক থেকে গাঁজা, ও পপি চাষ হচ্ছে। এখানে উৎপাদিত মাদক সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়।
 
বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ মাদক চোরাচালানকারী গুজম্যানকে সে এলাকার মানুষ যে নামে ডাকে তার অর্থ 'বেটে মানুষ'। তবে এই বেটে মানুষটিই গত ১৫ বছরে পুলিশে চোখে ধুলা দিয়ে দুই দুইবার জেল থেকে পালিয়ে দেশটির নতুন প্রজন্মের মাদক চোরাচালানকারীদের কাছে একরকম আদর্শে পরিণত হয়েছেন।
 
গুজম্যানের গ্রামের ১৯ বছর বয়সী রাজমিস্ত্রি জিসাস রামোস বলেন, 'তিনি একজন কিংবদন্তীর মতো। মানুষ তার জন্য কেঁদেছে কারণ, এটা তার ভূমি আর সেখানেই তাকে গ্রেফতার হতে হলো।'
 
স্থানীয় কৃষকদের মাদক চাষের কাজ দেয়ার মাধ্যমে আর্থিক সচ্ছলতা আনার পাশাপাশি স্থানীয় অবকাঠামো নির্মাণের ব্যয়ভার বহন করতেন তিনি। এছাড়াও খেলনা বিতরণ করায় শিশুদের কাছেও সমান জনপ্রিয় এল চ্যাপো। সূত্র: রয়টার্স