বাগদাদে হামলায় নিহত ৫১, আইএসের দায় স্বীকার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১০:৪৯
 
ইরাকের রাজধানী বাগদাদে কয়েকটি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের একটি শপিং কমপ্লেক্সের ভেতর আত্মঘাতী বোমা হামলা ও মার্কেটের অদূরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করেছে।
 
কিছুক্ষণ পর মুকদাদিয়া শহরে দুইটি বোমা বিস্ফোরিত হয়। এতে ২৩ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনী ও সূত্র জানিয়েছে। বাগদাদের দক্ষিণপূর্বাঞ্চলে আরেকটি হামলায় আরো সাতজন নিহত হয়েছেন।
 
ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চল দখল করে রাখা আইএস মুকদাদিয়া ও বাগদাদের শপিং মলে হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, শিয়া মুসলিমদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।
 
IMG0
 
গত মাসে ইরাকের সরকার আইএসের নিয়ন্ত্রণে থাকা রামাদি শহর পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে। অন্যান্য এলাকা থেকেও তাদের ধীরে ধীরে সরিয়ে দেয়া হচ্ছিল।
 
আনবার প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীনস জোটের বিমান হামলায় দুই ডজন সন্দেহভাজন নিহত হয়েছেন। এছাড়া সরকার নিয়ন্ত্রিত হাদিথা শহরের কাছ থেকে অন্যান্যদের হঠিয়ে দেয়া হয়েছে।