যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন 'ভুয়া': সড়কমন্ত্রী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৭:০৮
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি উপস্থাপিত সড়ক দুর্ঘটনায় নিহতের পরিসংখ্যান তথ্য নির্ভর নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৪তম সভা শেষে সমিতির উপস্থাপিত প্রতিবেদনকে 'ভুয়া' বলেও মন্তব্য করেন মন্ত্রী।
 
ওবায়দুল কাদের বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতির রিপোর্টের বেসিসটা কী? কিভাবে তারা রিপোর্ট করে, তাদের মেকানিজমটা কী? এ সংগঠন সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এমন একটা ভুয়া রিপোর্ট।’
 
২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সাড়ে ৮ হাজার মানুষ মারা গেছে বলে গত শনিবার একটি পরিসংখ্যান উপস্থাপন করে যাত্রী কল্যাণ সমিতি; এতে নিহতের সংখ্যা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রকাশ করা সংখ্যার চেয়ে সাড়ে তিন হাজার বেশি।
 
'নিরাপদ সড়ক চাই’ এর মতো যাত্রী কল্যাণ সমিতিও সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির এই প্রতিবেদন তৈরি করে।
 
সড়কমন্ত্রী কাদের বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিবেদনে দুর্ঘটনায় নিহতের সংখ্যা পাঁচ হাজার তিনজন। কিন্তু এখানে হঠাৎ করে একটি রিপোর্ট উপস্থাপন করলেন যাতে তথ্য-প্রমাণ নেয়ার মত কোনো মেকানিজম নেই। চট করে এসে উপস্থাপন করলেন, এখানে সভাপতি ও মহাসচিব একজনই, তিনিই সব কিছু করেন, বাকী বিষয়গুলো বললাম না।
 
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব পরিচয় দিয়ে মোজাম্মেল হক চৌধুরী নামে একজন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করেন।
 
সমিতির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে সারাদেশে ছয় হাজার ৫৮১টি ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৮ হাজার ৬৪২ জন নিহত এবং ২১ হাজার ৮৫৫ জন আহত হন।
 
আর গত বছরের ৩১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই হিসাব দেখিয়েছিল, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ০৩ জন নিহত হয়, যা ২০১৪ সালের চেয়ে দেড় হাজার কম।
 
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন, এই রিপোর্ট যখন মিডিয়াতে আসে তখন বিভ্রান্তি সৃস্টি হয়, রিপোর্ট তথ্য ভিত্তিক হলে ভাল হয়।