রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতের নৌবাহিনীর প্রধান এডমিরাল আর কে ধাওয়ান। মঙ্গলবার বিকেলে ভারতের নৌবাহিনী প্রধান বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
তিনি বলেন, সাক্ষাতের সময় ভারতের নৌবাহিনীর প্রধান ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামে (আইওএনএস) বাংলাদেশ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
বাংলাদেশ-ভারতের নৌবাহিনীর মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে আরকে ধাওয়ান বলেন, দুদেশের নৌ কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়ের ফলে দুটি বাহিনীই উপকৃত হচ্ছে।
দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চল বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সফররত ভারতীয় নৌ প্রধান বলেন, এ সম্ভাবনা কাজে লাগানো গেলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন আর কে ধাওয়ান।
প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশি ও ভালো বন্ধু। উচ্চ পর্যায়ের সফর বিনিময় এ সম্পর্ককে আরো জোরদার করছে।
সোমবার ঢাকায় আইওএনএসের সম্মেলনে ভারতের নৌ প্রধানের যোগ দেয়ায় দুই দেশের নৌ-বাহিনীর সম্পর্ক আরো দৃঢ় হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতি এ সময় ভারত-বাংলাদেশের মধ্যে নৌ যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।
