ভারতে তাজমহল দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে একই পরিবারের পাঁচ জন মারা গেছেন। পরিবারটি ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। পরিবারটি ভাড়া করা একটি গাড়ি নিয়ে তাজমহল দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, যমুনা এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে থাকা গাড়িটির একটি চাকা ফেটে গেলে গাড়িটি সড়ক বিভাজকে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে হাইওয়ের অপর পাশ গিয়ে পড়ে।
ঘটনাস্থলেই অনামিকা দত্ত (৪৫), তার দুই মেয়ে পিপাসা (১৫) ও নিতিকা (১২) এবং তার বোন সোনিয়া (২৫) মারা যান বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও হাসপাতালে নেয়ার পর মারা যায় আরেকজন। পরিবারটি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে স্থায়ীভাবে বাস করত। কিছুদিন আগে তারা ভারত ভ্রমণে এসেছিলেন।
