দেশের উন্নয়নে শেখ হাসিনাকে সহযোগিতা করুন : মোহাম্মদ নাসিম

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২২:৪৩
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রদূত হিসেবে কাজ করছেন। তাই ধারাবাহিকভাবে দেশ শাসনের জন্য শেখ হাসিনাকে সহযোগিতা করা উচিত।
 
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহম্মেদ চৌধুরী মিলনায়তনে স্বামী বিবেকানন্দের ১৫৩-তম জন্মোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
সংগঠনের সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সালের ক্ষমতায় এসে একটি গুলি না খরচ করে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে শান্তিময় পরিস্থিতি বিরাজ করছে এবং দেশ এগিয়ে যাচ্ছে।
 
স্বামী বিবেকানন্দের স্মৃতিচারন করে তিনি বলেন, স্বামী বিবেকানন্দের প্রথাগত ধর্মের বন্ধনে মানুষকে আবদ্ধ না রেখে মুক্ত করতে চেয়েছিলেন, ধর্মের অন্তর্নিহিত যে মানবিকতা এবং সেবার আদর্শ, তাকেই ঊর্ধে তুলে ধরতে চেয়েছিলেন৷ মানুষের আত্মবিশ্বাসকে জাগরিত করতে চেয়েছিলেন৷