থ্রিডি স্মার্টফোন তৈরিতে জোটবদ্ধ হলো গুগল ও লেনোভো

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০১:৪৫
থ্রিডি স্মার্টফোন তৈরির জন্য দুই বছর আগে ‘প্রজেক্ট ট্যাঙ্গো’ নামের একটি প্রকল্প শুরু করেছিল গুগল। আর লম্বা সময় ধরে বিভিন্ন গবেষণার পর এবার বাজারে আসার জন্য প্রস্তুত ট্যাঙ্গো স্মার্টফোন। লেনোভো গুগলের ট্যাঙ্গো প্রকল্পের প্রথম থ্রিডি স্মার্টফোনটি তৈরি করবে বলে সমপ্রতি এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে। চলতি বছরের জুন কিংবা জুলাই মাসেই বাজারে আসবে স্মার্টফোনটি।
ট্যাঙ্গো স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হলো এর থ্রিডি ক্যামেরা। যেকোনো স্থানের কিংবা বস্তুর ত্রিমাতৃক ছবি তুলতে এর ক্যামেরায় ব্যবহার করা হবে বিশেষ থ্রিডি সেন্সর। আর এর সাথে থাকবে একটি মোশন ট্র্যাকিং ক্যামেরাও। বিভিন্ন শপিং মল কিংবা কোন দর্শনীয় স্থানের ত্রিমাতৃক ছবি তোলার ক্ষেত্রে এই স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ক্যামেরায় তোলা ছবি দর্শনার্থীদের জন্য নতুন নতুন স্থান ঘুরে দেখার ক্ষেত্রে সহায়ক হবে।
লেনোভোর এই স্মার্টফোনটি ৫০০ মার্কিন ডলারের মধ্যেই বাজারে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, ৬.৫ ইঞ্চি কিংবা এর থেকে ছোট ডিসপ্লে। লেনোভোর এই মডেলটিতে ব্যবহার করা হতে পারে আরজিবি ক্যামেরা, ডেপথ সেন্সিং ক্যামেরা মডিউল এবং ফিশ আই লেন্স।
স্মার্টফোনটির জন্য অ্যাপ তৈরি করতে একটি বিশেষ অ্যাপ ইনকিউবেটর প্রোগ্রামেরও ঘোষণা দিয়েছে গুগল ও লেনোভো। আগ্রহী অ্যাপ নির্মাতাদের এই প্রতিযোগিতার জন্য বিভিন্ন অ্যাপের ধারণা জমা দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।