সাক্ষাত্কার

‘বেশিরভাগ হলেই সপরিবারে বসে চলচ্চিত্র দেখার পরিবেশ নেই’ : এটিএম শামসুজ্জামান

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০২:২২
ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মাঝে চলচ্চিত্রকে বিদায় জানালেও আবার ফিরে এসেছেন। গত কয়েকদিন ধরে এফডিসিতে নতুন একটি চলচ্চিত্রের শুটিং করছেন তিনি। শুটিংয়ের সেটে বসেই চলচ্চিত্র, নাটক ও তার বর্তমান কাজের বিষয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মেহেদী সোহেল
 
আপনি তো মাঝে চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দিয়েছিলেন, কেন?
 
আমি মূলত চলচ্চিত্রের শিল্পী। চলচ্চিত্রের সাথেই আমি সারাজীবন থাকতে চাই। কিন্তু মাঝখানে আমাদের চলচ্চিত্র যে নোংরা অবস্থায় এসে দাঁড়িয়েছিল সেখানে অভিনয় করলে মানসম্মানটুক আর থাকতো না। তাই নিজের সম্মানটুকু বাঁচিয়ে রাখতেই চলচ্চিত্র থেকে সরে গিয়ে ছিলাম।
 
আবার ফিরে এলেন, এখন চলচ্চিত্রে কাজের অনুকূল পরিবেশ কতটা দেখছেন?
 
এখন চলচ্চিত্রে কাজের পরিবেশ সম্পূর্ণ অনুকূলে। সেই নোংরা অধ্যায়টা এখন আমরা পার করে এসেছি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এখন ভালো গল্পের অভাব অন্যতম। চলচ্চিত্রের গল্পের মাঝে কোনো বার্তা নেই। বেশিরভাগ গল্পগুলো কেমন যেন সাদামাটা। এই ধরনের গল্পে দর্শক ধরে রাখা যায় না।
 
যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের বিষয়টা কিভাবে দেখছেন?
 
এটা আমাদের বর্তমান অবস্থার কথা পরিষ্কার করে দিচ্ছে। কারণ এখনকার যৌথ প্রযোজনার চলচ্চিত্রে আমাদের নিজেদের কোনো প্রভাব নেই। সাধারণত মানুষ যখন নিজেকে দুর্বল মনে করে তখনই অন্যের সাহায্য নেয়। আমাদের এখনকার যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অবস্থা সেই রকম। এই যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের অর্থ সবলের কাছে দুর্বলের আত্মসমর্পণ। এভাবে কখনও স্বাবলম্বী হওয়া যায় না। চলচ্চিত্রে নিজের সোনালি অতীত ফিরে পেতে হলে নিজেদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। অন্যের সাহায্য নিয়ে কখনও আমরা এগিয়ে যেতে পারবো।
 
তাহলে আমাদের চলচ্চিত্র কিভাবে তার সোনালি অতীত ফিরে পেতে পারে?
 
প্রথমত, ভালো গল্প দরকার। ভালো গল্প যদি প্রয়োজনের তুলনায় পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা উপন্যাস নিয়ে কাজ করতে পারি। অন্যদিকে, বেশিরভাগ হলেই সপরিবারে বসে চলচ্চিত্র দেখার পরিবেশ নেই। দর্শকদের হলে টানতে না পারলে আমাদের চলচ্চিত্রের ব্যবসারও কোনো অগ্রগতি হবে না। তাই চলচ্চিত্রের অগ্রগতির জন্য হল সংস্করণ করা খুবই জরুরি।
 
ভারতীয় সিরিয়ালের জন্য দর্শক আমাদের নাটক দেখছে না, এটি কি আমাদের চ্যানেলের ব্যর্থতা বলে মনে করেন?
 
আমাদের গল্পের মানের তুলনায় ওদের গল্পের মান অনেক দুর্বল। ওদের গল্পে শিক্ষণীয় তেমন কিছু থাকে না। কিন্তু ওদের সেট, মেকাপ, গেটাপ আমাদের থেকে উন্নত। যে কারণে ওরা দর্শকের দৃষ্টি আর্কষণ করতে পারছে। এটা সম্ভব হচ্ছে শুধু বড় বাজেটের জন্য। আমাদের চ্যানেলগুলো এই বিষয়টা খেয়াল করে কাজ করলেই দর্শক ধরে রাখা কোনো কঠিন বিষয় হবে না। বাজেটা ভালো হলে আমরা অনেক ভালো কিছু দেখাতে পারবো।