অযথা পকেটের মোবাইল ভাইব্রেট করছে মনে করাকে ফ্যানটম ভাইব্রেশন সিনড্রোম বলা হয়। আর এই রোগে বিশ্বের ১০ জনের মধ্যে নয়জন স্মার্টফোন ব্যবহারকারী আক্রান্ত। সম্প্রতি ড. রবার্ট রোজেনবার্গার নামের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির এক দার্শনিক ও সহকারী প্রফেসর তার গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
ওই প্রতিবেদন মতে, ফ্যানটম ভাইব্রেশন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা অযথা নানা রকম কম্পন অনুভব করেন। তারা ভুল করে প্রায়ই এটাও ভাবেন যে, তাদের পকেটে থাকা মোবাইল ভাইব্রেট করছে। বিশ্বের ৯০ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী এই রোগে আক্রান্ত। সূত্র- সিবিএস নিউজ।
কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ার নামের এক জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্যানটম ভাইব্রেশন সিনড্রোমে আক্রান্তরা প্রায়ই পরিধেয় কাপড়ের নড়াচড়া এবং পেশির আক্ষেপের কারণে মোবাইল ফোনের মতোই ভাইব্রেশন অনুভব করেন। এটাও এক ধরনের হ্যালুসিনেশন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, মোবাইল ফোন বা পরিধেয় চশমা এক সময় শরীরের অংশ হয়ে উঠে। এতে ফ্যানটম ভাইব্রেশন সিনড্রোমে আক্রান্ত হলে শরীরের সঙ্গে থাকা অতিরিক্ত এ অনুষঙ্গগুলোতে কম্পন অনুভূত হয়।
