বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গত বছর দেশ থেকে ৭৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার সুপরিকল্পিতভাবে অর্থনীতিতে সীমাহীন লুণ্ঠনের অবাধ সুযোগ সৃষ্টি করেছে। ব্যাংকিং খাত ধ্বংস হয়েছে। হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, ডেসটিনি কেলেঙ্কারি, শেয়ারবাজার লুণ্ঠন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে জনগণের অর্থ লুট করা হয়েছে।
তিনি বলেন, জনগণ আশা করেছিল জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দিকনির্দেশনা পাওয়া যাবে। কিন্তু তার বক্তব্যে কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
