প্রধানমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন বর্ষীয়ান নায়িকা রাণী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৪:৫৬
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাণী সরকার রবিবার গণভবনে যান প্রধানমন্ত্রীর নিকট অনুদান আনতে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় গন ভবনে একটি আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি-মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রেস সচিব ইহসানুল করিম।
 
গণভবনে প্রধানমন্ত্রীর সাথে রানীর আলাপ চারিতার এক পর্যায়ে কেঁদে ফেলেন তারা দু'জনই। তখন প্রধানমন্ত্রী তাকে সারা জীবন পাশে থাকার আশ্বাস দিয়ে তার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি নগদ পঞ্চাশ হাজার টাকার অনুদান দেন। এছাড়াও গণভবন থেকে দুই বস্তা চাল, মাছ ও সবজিও পাঠানো হয় তার বাসায়। এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাণী সরকারকে ২০ লাখ টাকা দেওয়া হয়।
 
১৯৫৮ সাল থেকে বর্ষীয়ান অভিনেত্রী রাণী সরকার বাংলা চলচ্চিত্রে কাজ করে আসছেন। এখন পর্যন্ত প্রায় ২৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে তিতাস একটি নদীর নাম, তালাস, বন্ধন, চন্দ্রনাথ, দেবদাস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উল্লেখযোগ্য। চিত্র নায়িকার পাশাপাশি রানী মঞ্চ ও বেতারেও কাজ করেছেন। এছাড়া এইতো জীবন, মালা, ঘূর্ণিঝড় সহ বেশ কিছু চলচ্চিত্রে তিনি নৃত্য পরিচালনা করেছেন। ঢাকাইয়া চলচ্চিত্রের প্যাথোজ কুইন খ্যাত রাণী প্রয়াত অভিনেতা ওবায়েদ-উল-হক সরকারের স্ত্রী।