ফরিদপুরের সালথায় জমি চাষ করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ও কাকিলাখোলা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, মঙ্গলবার সকালে জমি চাষ করা নিয়ে গৌড়দিয়া গ্রামের আব্বাস মাতুব্বর সঙ্গে পার্শ্ববর্তী কাকিলাখোলা গ্রামের জাকির মিয়ার কথাকাটাকাটি হয়। এ সময় জাকির মিয়া আব্বাস মাতুব্বরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে ওই দিন সন্ধ্যায় উভয় গ্রামের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত কাকিলাখোলা গ্রামের আইয়ুব মাতুব্বরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় গ্রামের পরিবেশ এখন শান্ত।'
