ইউরোপের দেশগুলোতে আওয়ামী লীগের সম্মেলনের আহ্বান

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৫:৪৭
 
ইউরোপে বিভিন্ন দেশে আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোকে সম্মেলন করার আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি। এ বছর ২৮ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে দেশগুলোকে তাদের সম্মেলন করতে বলেন তিনি।
 
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেখানে তিনি বলেন, ইউরোপের সকল দেশে আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন আগামী ২ মাসের মধ্যে করার জন্য নির্দেশ প্রদান করা হল। বেলজিয়াম, ফ্রান্স, হল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডের নেতৃবৃন্দদের ইতি মধ্যে জানিয়ে দেয়া হয়েছে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য নিজ নিজ দেশের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।
 
এম এ গনি আরো বলেন, 'যদি কোন কারণে সম্মেলনের তারিখ নির্ধারণ না করে তাহলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সে সব দেশের কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করবে।' এ ছাড়া যেসব দেশের  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাদেরকে শিগগিরই পূর্নাঙ্গ কমিটির নাম প্রকাশের আহ্বান জানান তিনি।