হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২১

চাঁদপুরের হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি বসতঘর। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের দরগা বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। এতে ওই বাড়ির মৃত আনা মিয়ার তিন ছেলে মামুন, ইকবাল ও শাহআলম এবং একই বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে সোহাগ ও মৃত আলী আশ্রাফের ছেলে আক্তার হোসেনের বসতঘর পুড়ে যায়।

জানা গেছে, ওই বাড়ির দিনমজুর মামুনের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছালে বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতা আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৩টি সম্পূর্ন ও ২টি আংশিক বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, 'বৈদ্যুতিক সর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত। স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। তিনি বলেন, ঘনবসতির ফলে তিনটি বসতঘর সম্পূর্ণ এবং দুটি ঘরের আংশিক পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি'।

আরও পড়ুন:  সাভারে পরিবহনে চাঁদাবাজি, শ্রমিক লীগ নেতা গ্রেফতার

এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক নগদ ২০ হাজার টাকা ও রাতের খাবারের ব্যবস্থা করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন। এ ছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।

ইত্তেফাক/জেডএইচডি