আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে, তাহলে যুদ্ধপরাধীদের বিচার হবে না। যেমন করে জিয়াউর রহমান সাহেব যুদ্ধপরাধীদের রিলিজ করে দিয়েছিলেন। এরাও কিন্তু রিলিজ করে দিবে।’
বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচা স্বাধীনতা হলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের নেতাদের সাথে আলেম-ওলামাদের এক মতবিনিময় তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, আমরা দাঁড়ি-টুপির বিরুদ্ধে নই। যারা ইসলামের নামে সন্ত্রাস করে, ধর্মের নামে যারা অপর্কম করে, দাঁড়ি-টুপি পড়ে মানুষ হত্যা করে, আমরা তাদের বিরুদ্ধে। যারা ধমের্র নামে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে সরকার সোচ্চার রয়েছে।’
নৌমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ অস্তিত্বের প্রশ্নে। এ দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চায়। এদের বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম-ওলামাসহ যারা আছেন তারাও এই আন্দোলনের অংশিদার। আপনাদের নিজস্ব অবস্থান এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে আরো জোর অবস্থান সৃষ্টি করতে পারি।
