দক্ষিণ এশিয়ায় স্যানিটেশনে বাংলাদেশ এগিয়ে: এলজিআরডি মন্ত্রী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ২১:০১
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।’
 
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ সাউথ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন (স্যাকোসান) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ সন্তোষজনক অগ্রগতি লাভ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সুস্থ জাতি গঠনে সকলের জন্য টেকশই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য।’
 

বাংলাদেশে উন্মুক্ত স্থানে মল ত্যাগ করার হার কমে ১ শতাংশে দাঁড়িয়েছে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, গত ১২ বছরে স্যানিটেশনে ব্যবস্থায় বাংলাদেশ যুগান্তকারী সাফল্য ঘটিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্যানিটেশনে সুবিধা খুবই কম। এ কারণে এ অঞ্চলে শিশু মৃত্যুর হারও অনেক বেশি। স্বাস্থ্যবান জাতি গঠনে এ অঞ্চলে এ বিষয়টি অন্তরায় হিসেবে কাজ করছে বলেও তিনি জানান।