স্কাইপেতে এবার গ্রুপ ভিডিও কলিং ফিচার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১০:৪৩

বিনামূল্যের ভিডিও কলিং অ্যাপ্লিকেশন স্কাইপেতে এবার গ্রুপ ভিডিও কলিং ফিচার যোগ করা হচ্ছে। এক দশক পূর্তি উপলক্ষে এই ফিচার যোগ করার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অ্যাপ্লিকেশনটিতে নতুন এই ফিচার যোগ হলে এর মাধ্যমে দলবদ্ধ চ্যাটের মতো দলবদ্ধ ভিডিও কল করার সেবা পাওয়া যাবে।

মাইক্রোসফটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্কাইপের বিপুল জনপ্রিয়তা ও এর এক দশক পূর্তি উপলক্ষে এতে গ্রুপ চ্যাটিংয়ের মতো গ্রুপ ভিডিও কলিং সেবা যোগ করা হবে।

২০০৬ সালে মাইক্রোসফট স্কাইপেতে যুক্ত করে ভিডিও কলিং ফিচার, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে বিনা মূল্যে ভিডিও কল করার সুবিধা চালু করা হয়।
 
২০১০ সালে মোবাইল ব্যবহারকারীদের জন্যও স্কাইপেতে ভিডিও কলিং সুবিধা নিয়ে আসা হয়। বর্তমানে বিশ্বব্যাপী ৭৫০ বিলিয়নের বেশি মানুষ তাদের অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডে স্কাইপে ব্যবহার করছে।
 
স্কাইপের মাধ্যমে প্রায় ২ ট্রিলিয়ন মিনিট ভিডিও কলিং করা হয়েছে বলে নিজেদের ব্লগ পোস্টে জানিয়েছে স্কাইপে কর্তৃপক্ষ।

ওই ব্লগ পোস্টে সংশ্লিষ্টরা আরও জানিয়েছে, শিগগির অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, আইফোন এবং আইপ্যাডের জন্য স্কাইপেতে গ্রুপ ভিডিও কলিং সুবিধা যুক্ত করা হবে।