রাস্তা চুরির অভিযোগে কারাপ্রধান গ্রেফতার!

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১১:০৫
 
৫০ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা ভেঙে কংক্রিট চুরির ঘটনায় এক কারাপ্রধানকে গ্রেফতার করেছে রাশিয়া। দেশটির তদন্ত কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার আলেকজান্ডার প্রতোপপোভ নামের ঐ কারাপ্রধানকে গ্রেফতার করা হয়। তিনি রাশিয়ার উত্তরাঞ্চলীয় কমি এলাকার একটি কারাগারের প্রধান ছিলেন।
 
তদন্ত কমিটি জানিয়েছে, আলেকজান্ডার কংক্রিটের তৈরি মহাসড়কটি ভাঙার কাজ তত্ত্বাবধান করেন। পরবর্তী সময়ে তিনি কংক্রিটের টুকরোগুলো বিক্রি করে দেন। ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে এক বছরের বেশি সময়ে সাত হাজারের বেশি কংক্রিটের টুকরো দিয়ে গঠিত সড়কটি ভাঙা হয়। টুকরোগুলো একটি কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয়।
 
রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মামলায় আলেকজান্ডারের বিচার হবে। তার সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
 
প্রিজস সার্ভিসের ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০১০ সাল থেকে ২০১৫ সালের কোমি কারাগারের দায়িত্ব পালনকালে কয়েকটি পুরস্কারও জিতেছিলেন। এর মধ্যে ‘আত্মিক ঐক্য’  সৃষ্টির জন্য একটি পদকও জিতেছিলেন।