বিশ্বে জুড়ে সেলফি তোলার জন্য জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ সেই ভারতের মুম্বাই শহরের ১৫টি স্থানে সেলফি তোলা প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। এ জন্য তারা ওই শহরের ১৫টি স্থানকে সেলফি তোলার জন্য বিপজ্জনক ঘোষণা করেছে। সূত্র- ফার্স্টপোস্ট।
গত শনিবার সেলফি তুলতে গিয়ে সাগরে ডুবে যায় তিন তরুণী, যাদের বাঁচাতে গিয়ে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়। এরপরই সেলফি তোলা প্রতিরোধে অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
মুম্বাইয়ের দৃষ্টিনন্দিত মেরিন ড্রাইভ, বান্দ্রা বাসস্ট্যান্ড-সংলগ্ন সমুদ্রসৈকত এবং জনপ্রিয় গিরুয়াম চোপাত্তি সমুদ্রসৈকতসহ আরও ১২টি স্থানকে সেলফি তোলার জন্য বিপজ্জনক ঘোষণা করেছে মুম্বাই পুলিশ।
এ ব্যাপারে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি জানান, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে এমন সব স্থানে সেলফি তোলা দমন করবে পুলিশ। শনিবারের ঘটনায় একজন নিহত ও একজন নিখোঁজ হন। তবে তিন তরুণীর মধ্যে দুইজন তীরে উঠে আসতে সক্ষম হন।
