নিউজিল্যান্ড ব্যর্থতায় সতীর্থদের উপর ক্ষিপ্ত ম্যাথিউস

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৪:১৪
নিউজিল্যান্ড সফরে তিন ধরনের ফরম্যাটেই ব্যর্থতার শতভাগ পূর্ণ করে দেশে ফিরেছে শ্রীলংকা ক্রিকেট দল। এই ব্যর্থতার পিছনে পারফরমেন্সের ঘাটতিকে ছাপিয়ে সামনে চলে এসেছে খেলোয়াড়দের অশোভন আচরণ ও একইসাথে দলীয় সংহতির অভাব। এজন্য দেশে ফিরেই লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস দৃঢ় ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন সতীর্থদের কেউই বিন্দুমাত্র ছাড় পাবে না। 
 
খেলোয়াড়দের বিপক্ষে ম্যাচের আগের দিন রাতে পার্টি, মদপান এসবের পাশাপাশি দলের মধ্যে সমঝোতার অভাবকেও সামনে নিয়ে আসা হয়েছে। খোদ ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা কড়াভাষায় জানিয়ে দিয়েছেন এসব অভিযোগ সত্য প্রমানিত হলে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।  ম্যাথিউস জানিয়েছেন তার কাছে অভিযোগ আছে রাত ৩-৪টা পর্যন্ত খেলোয়াড়রা পার্টিতে ছিল। অন্তবর্তীকালীন কোচ জেরম জয়ারত্নের সঙ্গেও খেলোয়াড়দের সম্পর্কটা ভাল যাচ্ছেনা। দেশে ফিরে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ সমস্ত অভিযোগের বিপরীতে ম্যাথিউস বলেন, আমি এ বিষয়গুলো বাতিল বা গ্রহণ কিছুই করছি না। কিন্তু একটি বিষয় আমি প্রতিশ্রুতি দিতে চাই অভিযোগ প্রমানিত হলে কোন খেলোয়াড়ই ছাড় পাবেনা। নিউজিল্যান্ড সফরে আমাদের অবশ্যই ভাল করা উচিত ছিল। এই ফলাফল সত্যিই হতাশাজনক। 
 
 
টেস্ট সিরিজে ০-২ ব্যবধানের পরাজয়ের পরে ওয়ানডে সিরিজেও ৩-১ ব্যবধানে পরাজিত হয়ে সমর্থকদের হতাশ করে শ্রীলংকা। সফরের দুটি টি টোয়েন্টিতেও বাজেভাবে হারে ম্যাথিউসের দল।