আরো সামরিক সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রেলিয়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৪:৫৫
জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) দমনে যুক্তরাষ্ট্র আরো সামরিক সহায়তার যে অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, আইএস দমনে তারা ইতোমধ্যে ‘ব্যাপক ’ ভূমিকা রেখেছে ।
 
প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ইরাক ও সিরিয়ায় আইএসসহ অন্যান্য জঙ্গি দমনে আরো অঙ্গীকার নিয়ে এগিয়ে আসতে ডিসেম্বরে মিত্রদের প্রতি আহ্বান জানান। ওই সময়ে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ বিষয়ে আর কিছু না করার ইঙ্গিত দিলেও বুধবার এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী মারিসে পেইনি বলেছেন, আইএস দমনে অস্ট্রেলিয়া বর্তমানে যা করছে তাই যথেষ্ট।
 
তিনি আরো বলেন, তাদের এ অবদান অব্যাহত থাকবে।  ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টার্নবুলের বৈঠকের কয়েকদিন আগে অস্ট্রেলিয়া তার এ অবস্থান ব্যক্ত করলো। টার্নবুলের ওয়াশিংটন সফরকালে সন্ত্রাস ও আঞ্চলিক বিবাদের ওপর নজর দেয়া হবে। উল্লেখ্য, ইরাকে আইএস দমনে সহায়তার লক্ষে বর্তমানে মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার ৭শ ৮০ সৈন্য মোতায়েন রয়েছে। এএফপি।