সিনেমা দেখার সেবা ইনস্টাগ্রামে

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৫:১৬

ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামে ‘সোশ্যাল সিনেমা’ নাম দিয়ে সিনেমা বা সিরিয়ালের মতো ভিডিও দেখার সেবা যোগ করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিনেমাপ্রেমীদের অনলাইনে নিয়ে আসতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। তবে এই উদ্যোগ নেটফ্লিক্স বা অন্যান্য ভিডিও স্ট্রিমিং সেবার সাথে প্রতিদ্বন্দ্বী হবে না। সূত্র- বিবিসি।

ইতোমধ্যে সাইটটির জন্য সোশ্যাল সিনেমা তৈরি করেছে মার্কিন টেলিভিশন ড্রামা শিল্ড ৫। এই ড্রামা সিরিজের ২৮টি পর্ব ছাড়া হবে ছবি শেয়ারের সাইটটি। ১ ফেব্রুয়ারি থেকে পর্বগুলো পোস্ট করা শুরু হবে।

সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও ক্লিপগুলো ১৫ সেকেন্ডের হবে। এই হিসেবে শিল্ড ৫ সাত মিনিটের চলচ্চিত্র।

হট ফাজ, লেয়ার কেইক আর পার্ল হারবারে কাজ করা অ্যান্থনি উইলকক্স  শিল্ড ৫ পরিচালনা করেছেন। সিরিয়াল দেখার নতুন এই উপায় দর্শকরা পছন্দ করবেন বলেই আশা করছেন তিনি।