তাহসান খান, দেশের জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা,মডেল এবং উপস্থাপক। বহু গুনে গুণান্বিত তিনি । সেই ধারাবাহিকতায় তিনি সগর্বে গান গেয়ে যাচ্ছেন স্টেজ শো ও নাটকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন একটি নাটকের গানে।
মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘প্রেম তুমি’ নামের ভালবাসা দিবসের একটি বিশেষ নাটকে ‘যাচ্ছো হারিয়ে’ শিরনামের একটি গান গেয়েছেন তাহসান।সাজিদের সুর-সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন আদর। এর আগেও সাজিদের সুরে গান গেয়েছেন তাহসান। নাটকের গান প্রসঙ্গে তাহসান ইত্তেফাককে বলেন, 'বর্তমানে নাটকের মত নাটকের গান গুলোও একটি বিশেষ অর্থ বহন করে। সেক্ষেত্রে এই নাটকের ‘যাচ্ছো হারিয়ে’ শিরোনামের গানটিতেও নাটকটির সার্বিক ভাব বোঝানো হয়েছে। আর সাজিদের গান আমি আগেও গেয়েছি। তার গানে একটি বিশেষ আবেগ থাকে। আশা করি, নাটকের এই টাইটেল গানটি সবার ভাল লাগবে।' মেঘের পরে, কতদূর, প্রথম প্রেম, ছুঁয়ে দিলে মন’সহ সাজিদ সরকারের সুরে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তাহসান। যার বেশির ভাগই ব্যাপক জনপ্রিয় হয়েছে।
ভালবাসা দিবসের এই বিশেষ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারি মম, আদনান ফারুক হিল্লোল সহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে ভালবাসা দিবসে।
