ছয় মাসে ২৪ শতাংশ এডিপি বাস্তবায়ন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৯:৪৯
 
চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ২৪ শতাংশ। গত বছর এ সময়ে এডিপিতে খরচ হয়েছিল ২৮ শতাংশ অর্থ। এর আগে ২০০৮-০৯ অর্থবছরে ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২৪ দশমিক ২ শতাংশ। অর্থাত্ আট অর্থবছরের মধ্যে বাস্তবায়ন হার সর্বনিম্ন লক্ষ্যকরা গেছে।
 
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপিতে মোট খরচ হয়েছে ২৩ হাজার ৭৭৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৫ হাজার ৮০৮ কোটি এবং উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে ছয় হাজার ৯৬৯ কোটি টাকা খরচ হয়েছে। শতভাগ এডিপি বাস্তবায়ন করতে হলে অর্থবছরের বাকি ছয় মাসে খরচ করতে হবে আরো ৭৭ হাজার ২২০ কোটি টাকা। এ বছরের এডিপির আকার ধরা হয়েছে এক লাখ ৯৯৭ কোটি টাকা। আইএমইডির তথ্যে দেখা যায়, অর্থবছরের ছয় মাসে সরকারের নিজস্ব তহবিল থেকে যেখানে খরচ হয়েছে ২৫ শতাংশ অর্থ, সেখানে উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে ব্যয় হয়েছে ২০ শতাংশ।
 

বরাদ্দের শীর্ষে থাকা মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন চিত্রে দেখা যায়, বিদ্যুত্ বিভাগ অর্থবছরের ৬ মাসে বাস্তবায়ন করেছে বরাদ্দের ২৫ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৩৩ শতাংশ, সেতু বিভাগ ১৮ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৯ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ১৮ শতাংশ, স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৩১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ২৬ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২১ শতাংশ, পানি সম্পদ মন্ত্রণালয় ২৫ শতাংশ।