চলচ্চিত্র পাইরেসি এখন ভয়াবহ রূপ নিয়েছে। যার ফলে চলচ্চিত্র ব্যবসা এখন মন্দার মুখে। এ বিষয়ে সংশ্লিষ্টরা অনেকদিন ধরেই একটি সমাধানের উদ্যোগ খুঁজছেন। সেই লক্ষ্যেই সম্প্রতি এফডিসিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজনের প্রধান অথিতি তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদ রাজনীতিকে ও পাইরেসি চলচ্চিত্র জগতকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। জঙ্গিবাদ ও পাইরেসি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ অনুষ্ঠানের এক পর্যায়ের পাইরেসি রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের বিভিন্ন সফলতার কথাও তুলে ধরা হয়।
দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি শাকিব খানের কাছে পাইরেসি রোধে তার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি ইত্তেফাককে বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী আমরা চলচ্চিত্র ব্যবসায় সফল না। হলের সংখ্যা কম বিষয়ে কথা উঠলেই বলা যায়, যা হল আছে এ থেকেও আমরা পর্যাপ্ত লাভবান হতে পারছি না। আমি অনেকবার এই পাইরেসি সমস্যার সমাধানে তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। কিন্তু বিনিময়ে শুধু আসার আলো ছাড়া কার্যকরী কোনো ভূমিকা রাখতে দেখিনি। তবে এবার হয়তো কিছুটা কার্যকরী ভূমিকা রাখতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’
