জমি দখলের অভিযোগ জাকারবার্গের বিরুদ্ধে!

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১০:১৩

প্রতিবেশীর জায়গা দখল করেছেন সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন তারই এক প্রতিবেশী।

সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যাল ট্রান্সপোর্টেশন এজেন্সির কাছে এই অভিযোগ জানিয়েছেন স্থানীয় রেসিডেন্সিয়াল সিকিউরিটি ম্যানেজার ও জাকারবার্গের প্রতিবেশী টিম ওয়েনজেল। সূত্র- মেট্রো ডটকম।

ওয়েনজেল মূলত প্রতিবেশীর জায়গা দখল করে এসইউভি মডেলের দুটি গাড়ি অবৈধভাবে পার্ক করে রাখার অভিযোগ এনেছেন। এছাড়া জাকারবার্গের বাড়ির নির্মাণকাজও প্রতিবেশীদের জন্য মারাত্মক বিরক্তিকর বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।

এ ব্যাপারে ওয়েনজেলের বক্তব্য, গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে পাকাপাকিভাবে দুটি এসইউভি গাড়ি রেখে জাকারবার্গ এই জায়গা দখল করে রেখেছেন।

এদিকে নাম প্রকাশ না করে জাকারবার্গের পরিবারের এক সদস্য জানান, স্থানীয় পার্কিং আইন মেনেই গাড়ি দুটি রাখা হয়। তবুও যদি প্রতিবেশীদের সমস্যা হয়ে থাকে তার জন্য দুঃখিত।

এর আগে ২০১৫ সালের অক্টোবরে জাকারবার্গের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠে। জমি কিনে ওয়াদা ভাঙার অভিযোগ আনেন মিরসেয়া ভসকেরিসিয়ান নামের এক ব্যক্তি।