আগামী দুটি দলবদলের মৌসুমে কোনো খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবে না স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ।
১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় লা লিগায় সবচেয়ে সফল ক্লাব রিয়ালকে এই শাস্তি দিয়েছে ফিফা। ২০১৩-১৪ মৌসুমে লা লিগার শিরোপা জেতা আতলেতিকোকের উপরও একই কারণে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এই নিষেধাজ্ঞা অবশ্য চলতি জানুয়ারির দলবদলের জন্য প্রযোজ্য নয়। তবে চলতি দলবদলের বাজার শেষ করার পর ২০১৭ সালের জুলাই পর্যন্ত কোনো খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবে না ক্লাব দুটি। পরের দুটি দলবদল হবে এ বছরের জুলাই-অগাস্ট আর আগামী বছরের জানুয়ারিতে।
একই সঙ্গে রিয়ালকে ২ লাখ ৪৯ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আতলেতিকোর জরিমানার পরিমাণটা আরও বেশি, ৬ লাখ ২২ হাজার পাউন্ড।
ক্লাব দুটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
