পাচারকারীদের কারণে আফ্রিকার হাতি বিপদে আছে, এটা বোধহয় কারোই অজানা নয়। হাতির দাঁত বেচাকেনায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও এটি দেদারসে চলছে। এ কারণে দিনে দিনে কমে যাচ্ছে হাতির সংখ্যা।
তাই হাতির প্রকৃত সংখ্যা বের করতে তাঞ্জানিয়ায় শুরু হয়েছে হাতি শুমারি। আকাশপথে চলছে এ কাজ। একটি ছোট বিমানের ভেতর ওড়ার জন্য প্রস্তুত কয়েকজন গবেষক। জরিপকারীদের একজন ড.এডওয়ার্ড কোহি বলছিলেন, এভাবে আকাশ থেকে হাতি খুঁজে বের করাটা খুবই সহজ। ছয় লাখ কিলোমিটার এলাকাজুড়ে প্রাথমিকভাবে হাতি গণনার এই কাজটি শুরু হয়েছে।
পুরো মহাদেশ জুড়ে একশজনের বেশি বিজ্ঞানী আকাশপথে প্রতিটি হাতি গুনে তালিকা তৈরির কাজ করছেন। কিলিমাঞ্জারো পাহাড়ের পাদদেশে, তারাঙ্গাগিরে ন্যাশনাল পার্কের উপর দিয়ে উড়ছে জরিপকারীদের বিমান। গত পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ হাতি হারিয়েছে তাঞ্জানিয়া। এর সংখ্যা হবে অন্তত ৬৬ হাজার। -বিবিসি
