মোবাইল নম্বর পোর্টেবিলিটি কার্যক্রম প্রক্রিয়া 'স্বচ্ছ' করতে কয়েকটি মূল্যায়ন মানদণ্ড যুক্ত করে 'মোবাইল নম্বর পোর্টেবিলিটি' (এমএনপি) নীতিমালার সংশোধিত খসড়া চূড়ান্ত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম জানান, চূড়ান্ত অনুমোদনের জন্য এই খসড়া সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।
গুরুত্বপূর্ণ এই কাজের লাইসেন্স দেওয়ার নিলাম পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে যোগ্যতার নতুন শর্ত যোগ করার উদ্যোগের কথা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আগেই জানিয়েছিলেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি খসড়া সংশোধন করে কয়েকটি বিষয় নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয় বলে বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের একজন কর্মকর্তা জানান। তিনি বলেন, 'নিলাম প্রক্রিয়ায় আগ্রহী প্রতিষ্ঠানের যোগ্যতা মূল্যায়ন করতে আগে নীতমালায় সুনির্দিষ্ট কোনো মানদণ্ডের উল্লেখ ছিল না। সংশোধনের পর এখন নয়টি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়নের কথা বলা হয়েছে।'
খসড়ায় বলা হয়েছে, এমএনপি পরিচালনার অভিজ্ঞতা, টেকনিক্যাল ও সিস্টেম ডিজাইনের অভিজ্ঞতা, গ্লোবাল ফুট প্রিন্ট (কয়টি দেশে অপারেশনে রয়েছে), টেকনিক্যাল ক্যাপাসিটি, ফিনানশিয়াল অ্যানালাইসিস (আর্থিক বিশ্লেষণ), রোল আউট ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টসহ নয়টি মানদণ্ডে ১০০ নম্বরের ভিত্তিতে আগ্রহী দরদাতাদের যোগ্যতা মূল্যায়ন করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আগ্রহীদের আবেদনের সঙ্গে দেওয়া তথ্যর ভিত্তিতে মূল্যায়ন কমিটি যোগ্যতা নিরূপণ করে নম্বর দেবে। এরপর যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে বিটিআরসি। সেই 'যোগ্য' প্রতিষ্ঠানগুলোকে নিয়েই নিলামের আয়োজন করা হবে।
অপারেটরের সেবায় সন্তুষ্ট না হলেও এখন অনেকে নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন। বহু প্রতীক্ষিত এই সুযোগ তৈরির জন্য গত ২ ডিসেম্বর এমএনপি নীতিমালায় অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। বিডি নিউজ।
