জাকার্তায় হামলাকারীদের নাম প্রকাশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৯:২৯
 
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলাকারী জঙ্গিদের চিহ্নিত করেছে পুলিশ। হামলাকারী পাঁচ জনের মধ্যে চার জনের নামও প্রকাশ করা হয়েছে। এদের দুজনের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার পুরনো অভিযোগ ছিলো।
 
হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বাহরুন নাইম নামের এক জঙ্গিকে সন্দেহ করছে দেশটির পুলিশ প্রশাসন। পুলিশের দাবী, নাইম এখন আছেন সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাকায়, আর সেখান থেকেই তিনি এই হামলার ছক সাজিয়েছেন।
 
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে একজনের নাম আফিফ সুনাকিম। হামলার সময় তার হাতে একটি বন্দুক ও কাধে ব্যাগ ছিলো। জঙ্গি ক্যাম্পে অংশ নেয়ায় তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
 
বৃহস্পতিবারের ওই ঘটনায় হামলাকারী পাঁচ জনসহ মোট সাত জন নিহত হয়। নিহত অপর দুজনের মধ্যে একজন ইন্দোনেশিয়ার ও অপর জন কানাডার নাগরিক। জঙ্গিরা শহরের কেন্দ্রস্থলে স্টারবাকসের কফিশপ ও পুলিশ বুথকে লক্ষ্য করে প্রাথমিক হামলাটি চালায়। এর পর প্রায় চার ঘণ্টার গুলির লড়াইয়ে অপর জঙ্গিদের ধরাশায়ী করে পুলিশ। এসময় অন্তত ২০ জন আহত হন।
 
আত্মঘাতী হামলায় দুই হামলাকারী নিহত হয় আর বাকী তিন হামলাকারী নিহত হয় বন্দুকযুদ্ধে। আইএসের হুমকির মুখে ইন্দোনেশিয়া উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
 
শুক্রবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার সঙ্গে তাদের সম্পর্কের ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: বিবিসি