কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলবে বার্সেলোনা। গত আসরের ফাইনালে এই বিলবাওকে হারিয়েই শিরোপা জিতেছিল লুইস এনরিকের দল।
দুই লেগের শেষ আটের লড়াইয়ের প্রথম পর্ব হবে আগামী ২০ জানুয়ারি বিলবাওয়ে মাঠ সান মামেসে। পরের সপ্তাহে ঘরের মাঠ কাম্প নউয়ে খেলবে বার্সেলোনা।
দুই লেগ মিলিয়ে এসপানিওলকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা বার্সেলোনার প্রথম দলের পরিচালক হাভিয়ের বোর্দাসের মতে, বিলবাও কঠিন প্রতিপক্ষ।
এ মৌসুমের শুরুতে দলটির কাছে স্প্যানিশ সুপার কাপে হারের বিষয়টি তুলে ধরে সতর্ক করে দেন তিনি, গত আগস্টের ওই লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতেছিল বিলবাও।
ভিয়ারিয়ালকে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বিলবাও।
শেষ আটের অন্য তিনটি লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদ-সেল্তা ভিগো, ভালেন্সিয়া-লাস পালমাস ও সেভিয়া-মিরানদেস মুখোমুখি হবে।
