আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি হোটেলে মুখোশধারী বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। দেশটির স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টায় হোটেলটির বাইরের দিকে প্রথমে দু’টি গাড়ি বোমা হামলা চালানো হয়। এরপরই তিন থেকে চার মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে। দেশটির পুলিশের বরাত দিয়ে স্থানীয় এক সাংবাদিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ খবর জানিয়েছেন।
স্থানীয় একটি হাসপাতালের ডিরেক্টর রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জান আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটিকে ঘিরে ফেলে।
হামলাকারীরা হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তিকে জিম্মি করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলটির ভেতরে অভিযান চালানোর চেষ্টা করছে। উয়াগাদুগু বিমানবন্দরের কাছে অবস্থিত স্পেনডিড নামের চার তারা এ হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকরা বুকিং নিয়ে থাকে।
স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে বলে বুর্কিনা ফাসোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত গিলেস থিবোল্ত জানিয়েছেন।
