৩১ মিলিয়ন ডলার দান করবেন ফেসবুকের সিওও

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ০৯:৪৬

ফেসবুকে থাকা নিজের ৩১ মিলিয়ন ডলারের বেশি মূল্যমানের দুই লাখ ৯০ হাজার শেয়ার দাতব্য কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া নথি থেকে এই তথ্য জানা গেছে। সূত্র- সিএনএন ও সিএনবিসি।

স্যান্ডবার্গের ওই অর্থ ব্যয় করা হবে বিভিন্ন দাতব্য কাজে। বর্তমানে তার একটি দাতব্য ফান্ডে ওই অর্থ জমা আছে।

নারীর ক্ষমতায়নে কাজ করছেন স্যান্ডবার্গ। দান করা অর্থের একটি বড় অংশ কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন বিষয়ে সমর্থন দানে ব্যয় করা হবে। এছাড়া দারিদ্র্য দূরীকরণ এবং শিক্ষার প্রসারেও ওই অর্থ ব্যয় করা হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুতে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দাতব্য কাজে ব্যয় করবেন বলে ঘোষণা দেন। এ শেয়ারের মূল্য দাঁড়ায় ৪ হাজার ৫০০ কোটি ডলার। কন্যা সন্তান ম্যাক্স জন্মের পর পরই জাকারবার্গ দম্পতির কাছ থেকে এই ঘোষণা আসে। এবার প্রধান নির্বাহীর পথে হাঁটছেন এই সোশ্যাল মিডিয়ার প্রধান পরিচালন কর্মকর্তাও।