বলিউডের উজ্জ্বল জগতের পেছনেই রয়েছে অন্ধকার পথ-এমনটাই জানালেন কঙ্গনা রণৌত। আজ যে বলিউডের ‘কুইন’, তাকে এই পর্যন্ত আসতে অনেক কাঠ-কয়লা পোড়াতে হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, ইংরেজি না জানায় অবহেলার শিকার হয়েছিলেন তিনি। এবার জানালেন, শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।
এনডিটিভির একটি অনুষ্ঠানে কঙ্গনা রণৌত বলেছেন, ইন্ডাস্ট্রির এক ব্যক্তি তাকে শারীরিক নির্যাতন করেছিল। সে সময় তার বয়স ছিল ১৭ বছর।
কঙ্গনা জানিয়েছেন, বাবার বয়সীর ঐ ব্যক্তি তার মাথায় আঘাত করেছিল। এতে মাথা থেকে রক্তও ঝরেছিল তার। কঙ্গনাও ঐ ব্যক্তির মাথায় জুতো দিয়ে আঘাত করেছিলেন। কিন্তু ঐ ব্যক্তির শারীরিক শক্তির কাছে তিনি পারেননি।
ঐ অধ্যায় কিভাবে পরিবর্তিত হলো-এমন প্রশ্নের জবাবে বলিউডের এই অভিনেত্রী বলেন, আমি অনুভব করি যে আমি একজন যোদ্ধা। আমি তাকে খুনও করতে পারতাম।
নির্যাতন হওয়ার বিষয়ে বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, আমি বুঝতে পেরেছি এখানে শুরুটা কখনোই স্বাধীন হয় না। খবর: এনডিটিভি।
