বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন সিকিউরিটি স্টেটে পরিণত হয়েছে। এখানে রাজনীতিবীদ বা বুদ্ধিজীবী কারোরই অধিকার নেই।
শনিবার সকালে পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপার ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হয়েছে।
তিনি চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার আশা পরিহার করে আলাপ আলোচনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, এখনো সময় আছে। আলোচনার মাধ্যমে নির্বাচন দিন। জনগণ জেগে উঠলে ঠেকানোর উপায় থাকবে না।
