বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, ফলও প্রত্যাখ্যান করছে : সুরঞ্জিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:৩৩
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে যখনই জাতীয় সংসদ নির্বাচন হবে তখনই বিএনপি সে নির্বাচনে অংশ গ্রহণ করবে।
 
তিনি বলেন, তারা বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচনে অংশ গ্রহণ করেছে আবার নির্বাচনের ফলাফলও প্রত্যাখান করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা একই নীতি অনুস্বরণ করবে।
 
বৃহস্পতিবার সকালে নগরীরর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত ‘পাকিস্তানি পলিসিতে বিএনপি রাজনীতি’  শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সংগঠনের উপদেষ্টা শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মিনহাজ্ব উদ্দিন মিন্টু, এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি নির্বাচনের রাজনীতিতে ফিরে এসেছে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অল্প করে হলেও দেখতে শুরু করেছে। যা বিএনপির ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার ইংগিত বহন করে।
 
বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে কেবল একটি উড়াল সেতু দেখতে পেয়েছেন উল্লেখ করে সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কয়েকজন অগ্রসর চিন্তার প্রশাসকের মধ্যে একজন, সমুদ্র বিজয়, ছিটমহল বিনিময়, পদ্মা সেতু, হাতির ঝিলসহ দেশের বিদ্যুৎ, কৃষি, শিক্ষাসহ সকল ক্ষেত্রের উন্নয়ন চোখে পড়েনি।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বের জন্য পুরো জাতি গর্বিত। সারা পৃথিবী তার উন্নয়ন কর্মসূচিকে স্বীকৃতি দিয়েছে।