টিআইবির সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে ‘চলমান দেশি-বিদেশি ষড়যন্ত্রকে’ প্ররোচিত করবে বলে অভিযোগ করেছে নিট পোশাক মালিকরা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে এ অভিযোগ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বৃহস্পতিবার প্রকাশিত টিআইবির প্রতিবেদনে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তা শুক্রবারই নাকচ করে দেয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
বিকেএমইএর লিখিত বক্তব্যে বলা হয়, ‘টিআইবি বাংলাদেশের পোশাকখাতে দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তা বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে চলমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নের কোনো অংশ কি না- তাও ভেবে দেখার অবকাশ রয়েছে বলে বিকেএমইএ মনে করে।’
