আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ কোনো দিন কোনো দল বা জোট ভাঙার চেষ্টা করে না। করার প্রশ্নই ওঠে না। আমরা রাজনীতি করি, গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নিজেই বেকায়দায় পড়েছে। আমাদের কারণে নয়, খালেদা জিয়ার ভুলের কারণেই বিএনপি জোট ভেঙে যাচ্ছে।
গতকাল শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন ও আইসিইউ ওয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জামায়াত নিষিদ্ধ করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা চলমান প্রক্রিয়া। কিছু আইনগত সমস্যা আছে। সমস্যাগুলো সমাধানের পরেই সিদ্ধান্ত হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ময়মনসিংহ বিভাগ হয়েছে প্রধানমন্ত্রীর কারণে। পর্যায়ক্রমে সব হবে। আমি মনে করি, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দক্ষতা আছে এবং এর পরিচালক ও চিকিত্সকদের প্রচেষ্টায় এটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হয়েছে। এখনো এর অনেক কিছু সমস্যা রয়েছে। সবকিছু শুনে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহবাসী যাতে এখানে চিকিত্সা পায় সেই ব্যবস্থা নেয়া হবে। অনেক সময় জটিল রোগের কারণে রোগীদের বাইরে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে ময়মনসিংহ হাসপাতাল ও কলেজকে সার্বিকভাবে সহায়তা করার জন্য প্রচেষ্টা নেব।’
আইসিইউ ওয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিত্সার খোঁজ নেন। এ সময় অন্যান্যের মধ্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি ও বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদ, বিএমএ সেক্রেটারী ডা. মতিউর রহমান ভুঁইয়াসহ চিকিত্সক ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকালে মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের পেশাগত দায়িত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালনের নির্দেশ দেন। পরে তিনি গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল বিজয়ী হবে। পরে স্বাস্থ্যমন্ত্রী সেখানে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মুজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, স্বাচিপের মহাসচিব ডা. এমএ আজিজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মাহির, স্থানীয় পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
