এবারে রিয়াজ-এর নায়িকা মীম

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০৩:১৬
প্রথমবারের মতো চিত্রনায়ক রিয়াজের সাথে জুটি বাঁধলেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। কিছুদিন আগেই চলচ্চিত্রটির টিজার প্রকাশ হয়। এরপর থেকেই আলোচনায় আসেন এই জুটি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট হার্ট’ শিরোনামের চলচ্চিত্রটিতে জুটিবদ্ধ হয়েছেন তারা। আসন্ন ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
 
চলচ্চিত্রটির ‘কেন রে তোর মাঝে’ শিরোনামের গানটি রিলিজ পায় গত সোমবার। গানটিতে রিয়াজকে দেখা যায় সেই চিরচেনা রোমান্টিক হিরো হিসেবে। আর মীম হাজির হয়েছেন গ্ল্যামারের ঝলমলে লাস্যময়ী হয়ে।
 
এ বিষয়ে মীম বলেন, ‘সুইট হার্ট মূলত একটি ভিন্নধর্মী চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির মধ্য দিয়েই আমি প্রথম রিয়াজ ভাইয়ের সাথে চলচ্চিত্রে কাজ করছি। ভালো লাগছে যে মানুষটির অভিনয় এতোদিন বড়পর্দায় দেখেছি তার সাথেই দর্শকরা আমাকে জুটি হিসেবে দেখবেন। তবে আমার বিপরীতে চলচ্চিত্রটিতে মূল নায়ক হিসেবে থাকছেন বাপ্পি চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে।
 
দর্শকদের বলবো হলে আসুন, আমাদের বাংলা চলচ্চিত্র দেখুন।’ চলচ্চিত্রটির গল্প লিখেছেন এস রেজা ও পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।