স্মার্টফোনের বাজারে বেশি বাজেটের হ্যান্ডসেটের চেয়ে কম বা মাঝারি বাজেটের হ্যান্ডসেটের চাহিদা বেশি। ফলে উন্নত কনফিগারেশনের বাজেট সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনতে কাজ করে যাচ্ছে প্রযুক্তিপণ্য নিমার্তা প্রতিষ্ঠানগুলো। এই দৌড়ে এগিয়ে থাকতে আবারও মিডরেঞ্জের ডিভাইস আনতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী ফেব্রুয়ারিতেই লুমিয়া ৭৫০ ও লুমিয়া ৮৫০ নামের এই ডিভাইস দুটি আনতে পারে জায়ান্ট প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনের তথ্য ফাঁসকারীদের মাঝে টুইটার আইডি ইভলিকসকে নির্ভরযোগ্য বিবেচনা করা হয়। আর এই আইডি থেকে পোস্ট করা এক টুইটে এসব তথ্য উঠে এসেছে। সূত্র- টেক টাইমস ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
ফাঁস হওয়া তথ্যে আরও জানা গেছে, ডিভাইস দুটিতে দুই গিগাবাইটের র্যা ম থাকবে। এর মধ্যে লুমিয়া ৮৫০ স্মার্টফোনে ১.৫ গিগাহার্টজ অক্টোকোর করটেক্স এ৫৩ সিপিইউ ও অ্যান্ডেনো ৪০৫ জিপিইউ, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজম, মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকবে।
কনফিগারেশনের দিক থেকে লুমিয়া ৭৫০ লুমিয়া ৮৫০ এর চেয়ে খুব আলাদা কিছু হবে না। এতে শুধু ৫.৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
ফোন দুটির ক্যামেরা বা অন্য কোনো বিশেষত্ব সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি, দাম বা উন্মোচন নিয়ে নির্দিষ্ট কোনো তথ্যও মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, ফোন দুটি মিডরেঞ্জের বাজেটের হবে এবং ডিভাইস দুটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হবে।
