মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও আল্লাহর রহমত কামনার মধ্যদিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। রবিবার বেলা ১১টা ৪ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরুব্বি ভারতের মাওলানা মো. সাদ। মোনাজাত শেষ হয় বেলা ১১ টা ৩২ মিনিটে।
এ সময় তার সঙ্গে হাত তুলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা। এ সময় 'আমিন, আল্লাহুম্মা আমিন' ধ্বনিতে তুরাগ তীর মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি।
এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় ১৫ জানুয়ারি। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল ৮ জানুয়ারি। ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়।
