রাব্বিকে পুলিশি নির্যাতন: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ১৩:৪৯
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে পুলিশি নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
 
রবিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এহসানুল রহমান রিট আবেদনটি দায়ের করেন। রিটে নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণও চাওয়া হয়েছে।
 
গত ৯ জানুয়ারি শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বিকে আটক করে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য।
 
এরপর রাত ৩টা পর্যন্ত তাকে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তা ঘোরেন এবং তাকে মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন বলে জানান রাব্বি। ঘটনার পরদিন রবিবার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। ১১ জানুয়ারি সোমবার সকালে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়। পরে গতকাল শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে এসআই মাসুদকে।