ইরানের উপর আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার পর দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের জন্য নতুন অধ্যায় শুরু হয়েছে। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত জুলাইয়ে ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তির প্রেক্ষিতে শনিবার দেশটির উপর থেকে আন্তর্জাতিক অবরোধ তুলে নেয়া হয়েছে।
রুহানির উদ্ধৃতি দিয়ে প্রেস টিভিতে বলা হয়েছে, এই চুক্তি কোনো জাতির জন্য ক্ষতিকর নয়।
রুহানি বলেন, আমরা ইরানিরা বিশ্বের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছি এবং এখন সব ধরণের শত্রুতা, সন্দেহকে পিছনে ফেলে বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে।
বেশিরভাগ পশ্চিমা সরকার এই পদক্ষেপকে স্বাগত জানালেও ইসারাইলের প্রধানমন্ত্রীর দাবি, দেহরান এখনো পারমাণবিক বোমা তৈরি করতে চাচ্ছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি (আইএইএ) বলেছে, পরমাণু চুক্তির আওতায় থাকা শর্তাবলী তেহরান পূরণ করেছে, অতএব এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে।
পরমাণু চুক্তির শর্তাবলী ইরান পূরণ করেছে বলে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থার ঘোষণা আসার পর এক প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে ইরান পিছু হঠায় পৃথিবী এখন আরো নিরাপদ স্থানে পরিণত হয়েছে।
অর্থনৈতিক এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরান এখন তার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে। পাশাপাশি দেশের বাইরে ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার আটকে দেয়া হয়েছিল সেগুলোও এখন থেকে হাতে পেতে শুরু করবে তেহরান।
